ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকারী দুই ঘাতককে ধরিয়ে দেয়া আলোচিত ‘সাহসিকা’ হিজড়া লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলোচিত ওই ঘটনার পর নিজের নিরাপত্তা না পেয়ে তিনি ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন তার সাথী অন্য হিজড়ারা।
রাজধানীর মগবাজার এলাকায় অন্য হিজড়াদের সঙ্গে থাকতেন লাবণ্য। সাংবাদিকরা লাবণ্যর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করলে বলা হয়, ‘ঘটনার কয়েকদিন পর সাংবাদিকসহ অনেকে লাবণ্যের সঙ্গে কথা বলেছেন। নিউজ করেছেন। হত্যাকারীদের ধরতে লাবণ্য ভয় পায়নি। কিন্তু পরে আর কেউ কোনো খোঁজ না নেয়ায় লাবণ্য নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। অজ্ঞাত ব্যক্তিরা লাবণ্যর কাছে ফোন করত। কথাবার্তা শুনে সন্দেহ লাগত। এতে লাবণ্য আরও ভয় পেতো। এক পর্যায়ে ভয়ে সে এলাকা ছেড়ে চলে যায়। ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মশিউর রহমান বর্তমানে র্যাবে কর্মরত। যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার সব কাগজপত্র ডিবিতে বুঝিয়ে দেয়া হয়েছে। লাবণ্যের এলাকা ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না।