পশ্চিমবঙ্গে গরু জবাই রুখতে গোমাংস ভক্ষণের পাল্টা ‘গোমাতা উৎসব’ করবে বিজেপির ‘গো উন্নয়ন সেল’। আগামীকাল রবিবার কলকাতায় এবং পরে পশ্চিমবঙ্গের অন্যত্র এই উৎসব হবে।
শুক্রবার কলকাতায় এ বিষয়ে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙানো হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে, এই উৎসবে সাধারণ মানুষকে দুধ খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি তারা কলকাতায়ও স্লটার হাউস বন্ধ করার দাবি জানিয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপি বাদে সব দলই এই উত্সবের নিন্দা করেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতায় ‘গো-মাংস ভক্ষণ উত্সব’ পালিত হয়। যে জায়গায় ওই উত্সব হয়েছিল ‘গোমাতা উত্সব’ও সেই জায়গায় হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
বিজেপির ‘গো উন্নয়ন সেলে’র সভাপতি সুব্রত গুপ্ত বলেছেন, গরু মায়ের মতো। তার থেকে দুধ পাই। পুষ্টি পাই। গরুকে আমরা রক্ষা করতে চাই। সেদিন গরুকে পুজো করা হবে।