হাফপ্যান্ট ছেড়ে ফুলপ্যান্ট পরবে আরএসএস

খাকি হাফপ্যান্ট। তার উপর সাদা শার্ট। ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের চেনা পোশাক। সংঘের বড় বড় নেতারাও এই  ‘ইউনিফরম’ পরে হাজির হন বিভিন্ন অনুষ্ঠানে। তবে জানা গেছে, এবার এই পুরনো ইউনিফরম বাতিল হয়ে সংঘের নেতা-কর্মীদের জন্য চালু হচ্ছে ফুলপ্যান্ট। মেয়েদের ফ্রকের মতো দেখতে আদ্যিকালের এই ঢলঢলে পোশাক তরুণ প্রজন্ম পছন্দ করছে না এমন রিপোর্ট এসেছে নেতাদের কাছে।

বিষয়টি নিয়ে দলে বেশ আলোচনা চলছে। সম্প্রতি রাঁচির বৈঠকে এই বিষয়টিও উঠে আসে। অভিযোগ খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে ১২ সদস্যের একটি কমিটি। সারা ভারত ঘুরে তৃণমূল স্তরে মতামত নিয়ে তৈরি হবে রিপোর্ট। তার পর সিদ্ধান্ত নেয়া হবে আরএসএসের এই পোশাক থাকবে কি না।

আরএসএসের দাবি, বিশ্বের সব থেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন তাদের। যাদের আছে ৬০ লাখ সদস্য। তাদের ওপর থেকে নিচে সর্বস্তরের কর্মী এই ‘ইউনিফরম’ পরেন। সময়ের পরিবর্তনে হাফ প্যান্ট নিয়ে অস্বস্তি বেড়েছে। তাই পরিবর্তনের পক্ষে মত উঠে এসেছে।

-ইন্ডিয়ান এক্সপ্রেস