যান্ত্রিক ত্রুটির কারণে রুশ বিমান বিধ্বস্ত হয়নি: ফ্রান্স

 
যান্ত্রিক ত্রুটির কারণে মিসরের সিনাইয়ে রুশ বিমানটি বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছেন তদন্ত কাজের সাথে সংশ্লিষ্ট ফরাসি বিমান কর্মকর্তারা। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
অন্যান্য ফরাসি কর্মকর্তারা বলছেন, ফ্লাইট ডাটা রেকর্ডারে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ‘হঠাৎ বিধ্বংসী’ বিস্ফোরণের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২২৪ জন আরোহী নিহত হয়েছেন।
 
যুক্তরাজ্য বলেছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ আগে মালামাল রাখার জায়গায় বোমাটি পেতে রাখা হয়েছিল।
 
ফরাসি বিমান দুর্ঘটনা তদন্তকারীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ফ্লাইট ডাটা রেকর্ডারে তথ্যে দেখা গেছে, উড্ডয়নের সময় সবকিছুই একেবারে ঠিক ছিল। এরপর হঠাৎ করেই সব কিছু শেষ হয়ে যায়।
 
৩১ জুলাই সিনাইয়ের শার্ম এল-শেইখ থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে মেট্রোজেট এয়ারবাস এ৩২১ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের আরোহীদের মধ্যে বেশিরভাগই রাশিয়ার নাগরিক ছিলেন।  
 
বিমানটি বিধ্বস্তের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সিনাই প্রদেশর জঙ্গিরা জানাননি, কিভাবে তারা বিমানটি ভূপাতিত করেছেন। সিরিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে দেশ দুইটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আইএস।