ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে চলন্ত বাসে এবার ১৯ বছরের এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর আগে ২০১২ সালে দিল্লিতে ২৩ বছরের মেডিকেল ছাত্রী নির্ভয়া গণধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এই ঘটনাকে ভারতের গণমাধ্যমে নির্ভয়াকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে।
কর্ণাটকে ধর্ষণের শিকার ওই নারী পেশায় একজন নার্স। শুক্রবার সকালে বাসা থেকে হাসপাতালে যেতে বাসে উঠার পর তাকে ধর্ষণ করে বাসের ড্রাইভার। রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ৩৫ কিলোমিটার দূরে হসকটে এলাকায় এই ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার নারীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে তাকে ধর্ষণ করা হয়। বাসে ওঠার পর রুট পরিবর্তন করে ক্লিনারের হাতে বাসের নিয়ন্ত্রণ দিয়ে তাকে ধর্ষণ করে ড্রাইভার। এসময় তিনি বাসটিতে একমাত্র যাত্রী ছিলেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই নারী হাসপাতালে একজন ডাক্তারের কাছে ঘটনার বর্ণনা দেয়ার পর পুলিশ ধর্ষণের কথা জানতে পারে। এর পরই বাসটির ড্রাইভার ও ক্লিনারকে গ্রেফতার করেন তারা। সূত্র: বিবিসি