ভারতের বিরুদ্ধে জাতিসংঘে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে নেপাল। শনিবার জেনেভার মানবাধিকার কাউন্সিলের সভায় এ অভিযোগ তোলা হয়। এতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আদৌ ভারতের পক্ষ থেকে কোনো গুরুত্ব দেয়া হচ্ছে না।’ খবর এনডিটিভির।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত বলেছে—নেপালে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আছে, তা যথার্থ এবং কার্যকরভাবে কাজ করছে কি না, তা দেশটিকে নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এর সুপারিশসমূহও বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে সহিংস কর্মকাণ্ডে যেসব বিদ্রোহী জড়িত, তাদের সঠিক বিচার করতে হবে।’
নেপালের প্রধানমন্ত্রী নাম উল্লেখ না করে বলেন—কিছু দিন আগে আমাদের প্রতিবেশী দেশের এক নেতা বলেছিলেণ—ভারত তাদের বিরুদ্ধে যা যা করা দরকার, তা-ই করবে। এখন তারা আবার দীর্ঘ এক দশকের জিইয়ে থাকা ইস্যু টেনে তুলছেন।
কেপি শর্মা বলেন, নেপাল ট্রুথ কমিশন ছাড়ও অন্য একটি কমিশন গঠন করেছে। যেসব লোক গায়েব হয়েছে, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে গত অক্টোবরে পণ্যপরিবহনে বাধা সৃষ্টির অভিযোগে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছিল নেপাল। সে সময় দেশের পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে নেপাল। জাতিসংঘের মহাসচিবকে তখন জানানো হয়েছিল যে, ভারত বাধা দিচ্ছিল বলেই সীমান্ত পেরিয়ে নেপালে ঢুকতে পারছে না তাদের পণ্যবাহী ট্রাক। অবশ্য সে সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন সংবিধান নিয়ে নেপালের বিক্ষোভের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে।