ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মাদকের বিরুদ্ধে রাজনীতিবিদদেরও কমিটমেন্ট থাকতে হবে। তিনি বলেন, 'গতি ও পরিকল্পনা ঠিক থাকলে অসাধ্যও সাধন করা যায়। মাদকের ভয়াবহতায় আগামীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।'
তিনি শনিবার জেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মাদক নির্মূলে শুধুমাত্র প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। তাহলে কর্মকর্তারাও আরো গতিশীল হবে। জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, যারাই মাদকের সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করুন।
মাদক ব্যবসায়ীরা যাতে জামিনে বের হতে না পারে সেজন্যে পাবলিক প্রসিকিউটরদের (পিপি) উদ্দেশ্যে তিনি আরো বেশি আন্তরিকতার সঙ্গে মামলা পরিচালনা করার পরামর্শ দেন।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমীর আব্দুল্লাহর পরিচালনায় সভায় আরো বক্তৃতা করেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সিভিল সার্জন রথিন্দ্র নাথ মজুমদার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম। বাসস।