সংশোধিত সংবিধান নিয়ে চলমান অস্থিরতার মধ্যে জেনেভায় ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় ভারতের নানা অভিযোগের কড়া জবাব দেন তিনি।
নেপালে কয়েক দশক ধরে চলা সহিংস মাওবাদী আন্দোলন চলার সময় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, ভারতের পক্ষ থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোন ফোরামে অভিযোগ তোলার পর প্রতিবেশী ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলো নেপাল। এসময় ভারতের পক্ষ থেকে নেপালের অন্তর্বর্তীকালীন বিচার ব্যবস্থায় মাওবাদী বিদ্রোহের কারণ ও জড়িতদের অনুসন্ধান করার আহ্বান জানানো হয়।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেপি শর্মা ওলি নেপালের শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের যুক্ত থাকার বিষয়টি ভারতকে মনে করিয়ে দেন।
এর আগে জেনেভায় ভারতের প্রতিনিধি বলেন, নেপালের উচিৎ দেশটির ট্রুথ কমিশনকে যথাযথভাবে কাজ করতে দেয়ার নিশ্চিয়তা দেয়া ও এর সুপারিশ বাস্তবায়নে ব্যবস্থা নেয়া। এসময় দেশটিতে রক্তক্ষয়ী আন্দোলনের কারণ অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ভারতের প্রতিনিধি।
এর জবাবে নেপালের অতীত নিয়ে ভারতের মাথা ঘামানোয় ক্ষোভ প্রকাশ করেন নেপালি প্রধানমন্ত্রী। সূত্র: আইএএনএস