প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শুধু অল্প কয়েকদিন আগে সংঘটিত হত্যাকাণ্ড ছাড়া বাকি সব আলোচিত হত্যা মামলায় অপরাধীরা গ্রেফতার হয়েছে।
নিজের এই বক্তব্যের পক্ষে আলোচিত কয়েকটি মামলার সর্বশেষ অবস্থা তালিকা আকারে প্রকাশ করেছেন তিনি।
শনিবার রাতে ফেইসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রীর ছেলে জয় লেখেন, ‘আমাদের আওয়ামী লীগ সরকার শুধু সম্প্রতি কিছুদিন আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ছাড়া ব্লগার, শিশু ও বিদেশিসহ প্রতিটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের গ্রেফতার করেছে। যারা বলছিলো সরকার অপরাধীদের ধরছে না এবং কিছুই করছে না তারা সম্পূর্ণ মিথ্যা বলে এসেছেন।’
জয় বলেছেন, ব্লগার রাজীব হায়দার হত্যায় ছয়জন, অভিজিৎ রায় হত্যায় সাতজন, অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু হত্যায় তিনজন, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যায় চারজন, নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যায় চারজন, চেজারে তাভেল্লা হত্যায় পাঁচজন, কুনিও হোসি হত্যাকাণ্ডে দুইজনকে আটক করা হয়েছে।
এছাড়া সিলেটে শিশু রাজন হত্যায় ১১ জন, খুলনায় শিশু রাকিব হত্যায় তিনজন, পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যায় দুজন এবং ঈশ্বরদীতে ফাদার লুক সরকারকে হত্যাচেষ্টায় ছয়জনকে আটক করা হয়েছে।IMG0
শুধু গত শনিবার প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ড এবং প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের অফিসে হামলা চালিয়ে তিনজনকে হত্যাচেষ্টায় কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন জয়।
এ দু’টি ঘটনাসহ অধিকাংশ হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলছে বলেও জানিয়েছেন তিনি।