'বিএনপিকে ধ্বংস করতে চক্রান্ত চলছে'

বিএনপি যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেছেন, 'বিএনপিকে ধ্বংস করতে নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে সরকার। এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না।’ রবিবার দুপুরে নোয়াখালীতে দলের চার নেতা-কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
 
দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে মো. শাহজাহান বলেন, 'নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ভিপি ও নোয়াখালী সদর উপজেলা যুবদল সভাপতি মো. জসিম উদ্দিনসহ চারজন নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার রাতে গ্রেফতার করেছে।' এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
 
বিবৃতিতে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, 'নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনোক্রমেই ফলপ্রসূ হবে না।'
 
তিনি বলেন, 'গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দিয়ে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই দেশব্যাপী ত্রাস সৃষ্টির অংশ হিসেবে গ্রেফতারি অভিযানের ধারাবাহিকতায় জসিম উদ্দিনসহ চারজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।'