বেসরকারি রফতানিকারকদের (জিটুজি প্লাস) যুক্ত করে মালয়েশিয়ায় জনশক্তি রফতানির বিষয়টি পিছিয়েছে। এ সংক্রান্ত দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও সেটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা না হওয়ায় সমঝোতা স্মারকের খসড়া প্রত্যাহার করে নেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মন্ত্রিসভায় স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। এটি মূলত সম্প্রতি যে অধ্যাদেশ হয়েছে, সেটি আইন আকারে পাস করার জন্য অনুমোদন দেয়া হয়েছে। এই সংশোধনের মাধ্যমে দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া বিমা করপোরেশন আইনের খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে আজকের মন্ত্রিসভা বৈঠকে। বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেসকোর দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানানো হয়েছে।