'প্রতিক্রিয়াশীলদের সঙ্গে সংলাপ নয়'

বিএনপির সংলাপের আহ্বানকে নাকচ করে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'যারা রাজনীতিতে প্রতিক্রিয়াশীল, যাদের হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। বরং সেসব প্রতিক্রিয়াশীলদের দমন করা প্রয়োজন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো- দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গি নির্মূল করা।' সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'শহীদ নূর হোসেন' দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, 'প্রকৃতপক্ষে 'সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সংকট থেকে উত্তরণ সম্ভব' বেগম জিয়ার এ মন্তব্য এবং বিএনপির বিবৃতি প্রমাণ করে যে সাম্প্রতিক ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। আর এ গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।''
 
ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীলদের বিপক্ষে প্রগতিশীলরাই রাজনীতি করবে এমন আশাবাদ ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, 'প্রতিক্রিয়াশীলরা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়, দেশকে আফগানিস্তান ও পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চায়।তাই দেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সহিষ্ণু পরিবেশ বজায় রাখতে প্রগতিশীলদের প্রতিপক্ষ প্রগতিশীল হওয়া প্রয়োজন।'
 
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, শাহে আলম মুরাদ, শাহজাহান সাজু, এমএ করিম প্রমুখ।