সৌদি কূটনীতিককে ডেকে পাঠালো ইরান

 
তেহরান ইরানে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে। সৌদি আরব মাদক পাচারের দায়ে ইরানের তিন নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পর সৌদি কূটনীতিককে ডেকে পাঠালো তেহরান।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, তেহরান সৌদি কর্মকর্তার কাছে ইরানের তিন নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার ঘটনার ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে। ইরানী কূটনীতিক ‘আন্তর্জাতিক নীতিমালা’ মেনে চলার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান।
 
রিয়াদ রবিবার তিন ইরানীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে। মাদক পাচারের অভিযোগে এরা দোষী সাব্যস্ত হয়েছিল। সাজাপ্রাপ্তরা সমুদ্র পথে সৌদি আরবে বিপুল পরিমাণ হাশিস পাচারের চেষ্টাকালে ধরা পড়ে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলীয় বন্দর নগরী দাম্মামে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। বাসস।