ইরান চুক্তির পর প্রথমবারের মত বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরাইল

 
ইরানের পরমানু বিষয়ক চুক্তির পর প্রথমবারের মত বৈঠকে বসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তির ঘটনায় সম্পর্কের অবনতি হওয়ার পর প্রথমবারের মতো সোমবার বৈঠকে বসছেন তাঁরা।
 
ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলা গোলযোগের মধ্যে ওয়াশিংটনে এ বৈঠক হতে যাচ্ছে। রবিবার ফিলিস্তিনিদের ছুরি হামলায় ছয় ইসরাইলি আহত হয়েছে। সোমবার ইসরাইলি রক্ষীদের ছুরি মারতে আসা এক ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছে।
 
ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সাহায্য জোরদার করতে চান নেতানিয়াহু। আলোচনার ফলে বার্ষিক সাহায্য ৩ দশমকি ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার পথ প্রশস্ত হবে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। গত জুলাই মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর নেতানিয়াহু ও ওবামার মধ্যে সম্পর্কের অবনতি হয়। ইরান চুক্তির বিরোধিতা করেছিল ইসরাইল।
 
রবিবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, 'ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কে সম্ভাব্য অগ্রগতি অথবা কমপক্ষে তাদের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল করা এবং অবশ্যই ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করা নিয়ে আলোচনা হবে।' বাসস।