ল্যাপটপ প্রদর্শনী ও বিকিকিনি নিয়ে দেশে এ যাবতকালের সবচেয়ে বড় আয়োজন 'এডুমেকার ল্যাপটপ মেলা-২০১৫' শুরু হচ্ছে বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এ মেলায় অংশ নিচ্ছে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো।
মেলা আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের ১৬তম এই ল্যাপটপ মেলায় ৭টি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯ স্টলে সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করতে হাজির হবে এসব বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। মেলা উপলক্ষ্যে পণ্যে মূল্যছাড় ও উপহার থাকবে। অনুষ্ঠিত হবে ৪টি সেমিনার ও কর্মশালা। আছে গেইমিং প্রতিযোগিতা।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলার আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্ট ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
মেলায় অংশ নিচ্ছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন, ডিএক্স জেনারেশন, মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরো কিছু প্রতিষ্ঠান।
প্রদর্শনীতে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। মোড়ক উম্মোচিত হবে বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের।
এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, ২০০৮ সাল থেকে প্রতিবছর এই মেলা আয়োজন করা হচ্ছে। পূর্বের মেলাগুলোতে শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সকলের অংশগ্রহণ ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। কলেবর বৃদ্ধির পাশাপাশি এবারের মেলাকে বরাবরের মতোই আকর্ষণীয় করে তোলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, এইচপির রিটেইল অ্যাকাউন্ট ম্যানেজার সালাউদ্দিন মোহাম্মদ আদেল, আসুসের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মো. আল ফুয়াদ, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের ডিজিএম বিজনেস ডেভেলপমেন্ট এম.কে.পাশা খান ও ডেলের বিপণন প্রধান প্রতাপ সাহাসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এক্সপো মেকার জানায়, মেলা নিয়ে ইতোমধ্যে ফেইসবুকের অফিসিয়াল ইভেন্ট পেইজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রাহীরা এই ঠিকানায় গিয়ে এই কুইজে অংশ নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এডুমেকার’। সহ-পৃষ্ঠপোষক ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো।
মেলার টিকিট বুথ পার্টনার ই-স্ক্যান অ্যান্টিভাইরাস, রেডিও পার্টনার পিপলস রেডিও এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় টেক ও টেলিকমবিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকম।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবেন।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান জানান, মেলায় বিক্রিত টিকিটের টাকা দৈনিক কালের কন্ঠের সাব-এডিটর লতিফুল হকের চিকিৎসায় প্রদান করা হবে। তিনি দূরারোগ্য লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছেন। গত ৫ নভেম্বর বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর এই রোগের বিষয়টি নিশ্চিত করেন। তাঁর চিকিৎসা কাজে প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।
এডুমেকার ল্যাপটপ মেলার সব আপডেট ও খবর ল্যাপটপ মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ : facebook.com/laptopfair.bd এবং techshohor.com এ পাওয়া যাবে।