জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপে বসতে হবে : নোমান

 
বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সংলাপ  যে শুধু নির্বাচন নিয়ে হতে হবে, তা নয়। বর্তমান সঙ্কট নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যও সংলাপ হতে পারে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, এ  দেশের জন্য আমি রক্ত দিয়েছি। আর এ দেশ ধ্বংসের জন্য আইএস ষড়যন্ত্র করবে তা হতে পারে না। আইএস  দেশ ধ্বংস করুক, মানুষ হত্যা করুক তা আমরা চাই না। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হওয়া দরকার। তিনি বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও  গোয়েন্দা সংস্থা রয়েছে। তাই  দেশে আইএস আছে কিনা বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে। আর সেটি স্পষ্ট করার দায়িত্বও সরকারের।
 
দেশে আন্তর্জাতিক ও আঞ্চলিক ষড়যন্ত্র হচ্ছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে  নোমান বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ষড়যন্ত্র যদি হয়েই থাকে, তবে বাংলাদেশের মাটিতে সব রাজনৈতিক দল নিয়ে আমরা (বিএনপি) সেই সংকট প্রতহত করবো। বিএনপির এই  নেতা বলেন, আমরা ব্যক্তি ও দলের চেয়ে জনগণকে বড় মনে করি। কাজেই  দেশের জনগণের স্বার্থ  যেখানে প্রধান্য পাবে, আমরা সে বিষয় নিয়ে কাজ করতে চাই। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নয়, আমরা চাই জাতীয় ঐক্য ও জাতীয় সংলাপ।
 
নোমান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে আতঙ্কিত হয়েছি। কারণ তিনি বলেছেন দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র সবাই মিলে প্রতিহত করতে হবে। তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপে বসতে হবে।
 
অনুষ্ঠানে কৃষক দল সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, আলোচনায় না বসলে চরমপন্থার দিকে  দেশ এগিয়ে যাবে। মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবি করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তৃতা করেন। ফোকাস বাংলা।