মেডিকেলের প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেছেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস/ বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
 
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালককে (পরিকল্পনা) আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি কাফরুল থানা হতে আলামত হিসেবে জব্দকৃত ৩৬ সেট প্রশ্নপত্রের সঙ্গে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে প্রতিটি প্রশ্ন পূঙ্খানুপুঙ্খরূপে যাচাই করেন। কিন্তু জব্দকৃত ৩৬ সেট প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অভিযোগসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ মেলেনি।’
 
সরকারি দলের সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম জানান, বর্তমান সরকারের ৬ বছর মেয়াদে সারাদেশে নতুন ১৭টি সরকারি মেডিকেল কলেজ এবং ৩৫টি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং চিকিত্সা শিক্ষা প্রদানের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় চিকিত্সা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।’