অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে বন্দি শরণার্থীদের বিদ্রোহ

 
অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে শরণার্থীদের একটি বন্দি শিবিরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে সেখানকার বন্দিরা। শিবিরটি থেকে ইরানের একজন বন্দি পালিয়ে গিয়ে মারা যাওয়ার পর বন্দিরা বিদ্রোহ করে।
 
অস্ট্রেলীয় কর্মকর্তারা একে 'বড় ধরনের অশান্ত পরিস্থিতি' হিসেবে বর্ণনা করেছেন। সেখানে কিছু সময় 'উত্তেজনাকর' পরিস্থিতি থাকলেও তা এখন শান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, দ্বীপটিতে আটক শরণার্থীরা বন্দি শিবিরগুলোতে আগুন ধরিয়ে দেন।
 
অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, ইরানের কুর্দি বন্দি ফজলে চেগানির মৃত্যুর পর একদল ইরানি বন্দি বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে অস্থিরতার সূত্রপাত হয়। গত শনিবার ফজলে চেগানি বন্দিশিবিরটি থেকে পালিয়ে যাওয়ার পর সাগরের পাশে তার মৃতদেহ পাওয়া যায়।
 
শান্তিপূর্ণভাবে ও দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে বন্দি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালানোর কথা বিবৃতি দিয়ে জানিয়েছে অভিবাসন বিভাগ। সেখানে নিরাপদ পরিস্থিতি বিরাজ করছে ও টহল অব্যাহত রয়েছে বলেও বিবৃতিটিতে জানানো হয়েছে।
 
ক্রিসমাস দ্বীপটি অস্ট্রেলিয়ার পার্থের দুই হাজার ৬৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে ও ইন্দোনেশিয়ার জাভা থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অবৈধ শরণার্থী ও নিউজিল্যান্ডের কিছু নাগরিককে সেখানে নির্বাসনে রেখেছে অস্ট্রেলিয়া। সূত্র: বিবিসি