‘পরিবেশ সৃষ্টি হলেই আলোচনা হবে’

‘খালেদা জিয়া ভাঙচুর পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসলেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না থাকলে কোনো আলোচনাই ফলপ্রসূ হয় না।’
 
সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী থানা আওয়ামী লীগের আয়োজনে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গণে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জন্মদিন উপলক্ষে এক সমাবেশে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। প্রসঙ্গত, আহসান উল্লাহ মাস্টার ২০০৪ সালে ৭ মে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একটি জনসভায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন।
 
সমাবেশে মন্ত্রী বলেন, ‘রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণ নির্বাচন চাই।’
 
থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক ও আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান বক্তব্য রাখেন।