ভারতে বাজারে ফিরলো ম্যাগি নুডুলস

 
ভারতের বাজার থেকে ম্যাগি নুডুলস প্রত্যাহার করে নেয়ার পাঁচ মাস পর ফের দেশটিতে ম্যাগি বিক্রি শুরু করেছে নেসলে। ক্ষতিকর সীসা ও মাত্রাতিরিক্ত মনো সোডিয়াম গ্লুটামেট থাকার অভিযোগে গত মে মাসে ভারতে ম্যাগি উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল।
 
এর পর গত আগস্টে অবশ্য বোম্বে হাইকোর্ট এই নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে ক্রেতাদের আস্থা হারানো ও বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ভারতের বাজার থেকে সম্পূর্ণভাবে ম্যাগি নুডুলস প্রত্যাহার করে নেয় নেসলে। সেসময় ৪০ কোটি প্যাকেট নুডুলস ধ্বংস করেছিল সুইজারল্যান্ডের এই কোম্পানিটি।
 
নেসলে ইন্ডিয়ার নতুন প্রধান সুরেশ নারায়ণ বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, যে পরীক্ষার ভিত্তিতে ম্যাগি নিষিদ্ধ করা হয়েছিল তা 'অত্যন্ত অগ্রহণযোগ্য' ছিল। বাজার থেকে ম্যাগি তুলে নেয়ায় ৬৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ে কোম্পানিটি।