দোয়া চাইলেন স্বীকৃতি

মাসের প্রায় সব ক’টি দিনই যে গায়িকা স্টেজে স্টেজে থেকেছেন, সেই স্বীকৃতিকে এখন অনেকটা বাধ্য অবসর দিয়েছে অসুস্থ শরীর। বিনোদন প্রতিদিনকে ফোন করে জানালেন, ‘আমি এখনও ভালো নেই। তবে চিকিত্সা চলছে। সবাই যেন আমার জন্য দোয়া করে। আমি আবারও গাইতে চাই। আগের সুস্থতায় ফিরে আসতে চাই।’ একটু একটু করে তার শরীরে বাসা বাঁধা ‘ননহজকিন লিম্ফোমা’ নামের কঠিন রোগ তাকে এই অবস্থায় নিয়ে গেছে।

 
ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে কিছুদিন আগে চিকিত্সার জন্য গেলে স্বীকৃতির এই রোগটি ধরা পড়ে। সেখানে তাকে জরুরি ভিত্তিতে ভর্তি হতে বললে টাকার স্বল্পতার কারণে তিনি ভর্তি হতে পারেননি। সেখান থেকে গত ২৮ আগস্ট ঢাকায় ফিরেছেন তিনি। এখন অপেক্ষায় আছেন উন্নত চিকিত্সা ও পর্যাপ্ত অর্থ জোগাড়ের।
 

আরও বেশি গান গাওয়া, সবার কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে সম্প্রতি তার ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন ‘প্রিয় আপনজন ও বন্ধু জন। অনেক বেশি বেশি গান গাইতে চাই।’