সমবায়ের নামে ব্যাংকিং অবৈধ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে অবৈধভাবে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনাকারী সমিতিগুলোর নামের তালিকা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে।

 
গতকাল মঙ্গলবার দশম সংসদের অষ্টম অধিবেশনে মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার তারকা চিহ্নিত এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
 
মন্ত্রী জানান, সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে অবৈধ ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করছে এমন অভিযুক্ত সমবায় সমিতির সংখ্যা ছয়টি। এগুলো হলো- ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি (ব্যাংক) লি., ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লি., আদর্শ সমবায় ব্যাংক লি., স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (ব্যাংক) সোসাইটি লি., মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংক লি. এবং আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লি. (সাবেক এসিসিএফ ব্যাংক লি.)।
 
শিগগিরই ইউনিয়ন পরিষদ (সংশোধন) আইন পাস হবে
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তকে দেশের মানুষ স্বাগত জানিয়েছে। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন হলে জনগণ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। শিগগিরই এ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করা হবে এবং সংসদের মাধ্যমে পাস হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হবে। হাবিবুর রহমান মোল্লার জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
 
রাজনৈতিক বিবেচনায়
 
ঢালাওভাবে বরখাস্ত করা হয়নি
 

স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক বিবেচনায় কাউকে ঢালাওভাবে বরখাস্ত করা হয়নি । হাজী সেলিম জানতে চান- বিএনপি সমর্থিত মেয়র, কাউন্সিলরদের বিভিন্ন মামলায় জড়িয়ে বহিষ্কার করা হচ্ছে, স্বতন্ত্র সদস্যদেরও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন স্বাধীনভাবে হবে কি না?