সম্মাননা পেলেন গোলাম রাব্বানী

নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এ বছর নওয়াব আব্দুল লতিফ পদক পেয়েছেন তরুণ নাট্যকার ও সাংবাদিক গোলাম রাব্বানী। নওয়াব আব্দুল লতিফ পদকটি প্রদান করে ‘সুধীজন সাহিত্য সংঘ’।

তিনি বর্তমানে প্রিয়.কম-এর ফিচার সম্পাদক হিসেবে কর্মরত। নওয়াব আব্দুল লতিফ পদক পাওয়া প্রসঙ্গে এই তরুণ নাট্যকার বলেন, ‘চারদিকে যখন পুরস্কার বা পদক ফিরিয়ে দেওয়ার ধুম চলছে সেই মুহূর্তে এই পদকটি নিতে একটু বিব্রত বোধ করেছি। তবে পুরস্কার বা পদক পেলে আমার আনন্দ লাগে। নওয়াব আব্দুল লতিফ পদকের জন্য আমাকে মনোনীত করার জন্য পদক কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

গোলাম রাব্বানীর লেখা ৫০টির বেশি একক নাটক ও টেলিছবি এখন পর্যন্ত প্রচার হয়েছে বিটিভি’সহ দেশের বিভিন্ন টিভি চ্যানেলে। তিনি ২০০৮ থেকে নিয়মিত নাটক লিখে যাচ্ছেন।  এরইমধ্যে তিনটি দীর্ঘ ধারাবাহিক নাটকও লিখেছেন তিনি।