অ্যান্ড্রয়েডে অফলাইনেও গুগল ম্যাপস

 
মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অফলাইনে সেবা দিতে গুগল ম্যাপস আপডেট করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। গুগল ম্যাপস এর অ্যান্ড্রয়েড অ্যাপটির ঐ আপডেটের ফলে ইন্টারনেট না থাকলেও ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী কোন জায়গার যাওয়ার নির্দেশনা ডাউনলোড করতে পারবেন।
 
একই সঙ্গে নতুন আপডেটের পর এখন থেকে অফলাইনেই সফটওয়্যারটি পর্যটন এলাকা বা স্থান বা ব্যবসায়িক কোন প্রতিষ্ঠানের ঠিকানা, ঐ প্রতিষ্ঠানের কার্যক্রম চালুর সময় ও টেলিফোন নম্বর সেবা দেবে ব্যবহারকারীদের।
 
সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, পর্যটকদের মোবাইলের প্যাকেজ শেষ হয়ে গেলে বা যেখানে ইন্টারনেট উচ্চ মূল্যের সে সব ক্ষেত্রে নতুন অফলাইন সেবাটি খুবই কার্যকর।
 
কোন গ্রাহক যদি লন্ডনের ম্যাপস ডাউনলোড করতে চান তবে তার ডিভাইসে ৩৮০ মেগাবাইটস জায়গা দরকার হবে। আর সানফ্রান্সিসকোর সমুদ্র সৈকতের জন্য প্রয়োজন পড়বে ২০০ মেগাবাইটস।
 
আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস এর জন্যও গুগল ম্যাপস ফিচারে একই ধরণের আপডেট আনা হবে বলে জানিয়েছে গুগল। খুব দ্রুতই আইওএস আপডেট করার কথা বলা হলেও এবছরের মধ্যে হচ্ছে কিনা তা নিশ্চিত নয়। সূত্র: বিবিসি।