অনুপ চেটিয়াকে হস্তান্তর

প্রথমে ‘না’, দেড় ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রীর ‘হ্যাঁ’

 
উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে ‘তথ্য জানা নেই’ জানানোর দেড় ঘণ্টা পর নিজেই বিষয়টি নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে মিরপুরে এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাজা শেষ হয়ে যাওয়ায় আইন মেনেই অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
 
এই বক্তব্যের দেড় ঘণ্টা আগে একই অনুষ্ঠানে উলফা নেতাকে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, আমার কাছে কোনো তথ্য নাই।
 
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের এক বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার তিন মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।
 
অনুপ চেটিয়ার সাজার মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।
 
বুধবার উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, বাংলাদেশ সরকার অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে। বিডিনিউজ।