প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষ্যে টেলিফোনে কথা বলেন তাঁরা। এ সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে।
নরেন্দ্র মোদি এক ট্যুইট বার্তায় বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো, আমি তাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছি। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণের জন্য শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানান। এ সময় দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন।
এদিকে, উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকার কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বুধবার ভারতীয় সময় সকাল ৮.৪৫ নাগাদ চেটিয়াকে বাংলাদেশ-পশ্চিমবঙ্গের সীমান্ত পার করিয়ে দেওয়া হয় বলে সংবাদ প্রকাশ করে বিবিসি। অবশ্য, ভারত সরকার বা তাদের কোনো নিরাপত্তা এজেন্সি-ই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অনুপ চেটিয়ার বিষয়ে কিছু জানায়নি। তবে ভারতের সরকারি সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে অনুপ চেটিয়াকে হস্তান্তরের খবর প্রকাশ করা হয়েছে। প্রিয়।