'খালেদা জিয়া-টিআইবি-অ্যামনেস্টির বক্তব্য একই সূত্রে গাথা'

 
বিএনপি চেয়ারপার্সনের প্রত্যক্ষ মদদে ও ছত্রছায়ায় দেশে বিদেশি নাগরিক,ব্লগার-প্রকাশক হত্যাসহ সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ। বুধবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে 'আমরা নগরবাসী' সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ সকল মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রীা অ্যাডভোকেট কামরুল ইসলাম।
 
তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্য এবং টিআইবি ও অ্যামনেস্টির অভিন্ন বক্তব্য এটিই প্রমাণ করে দেয় যে দেশে সংঘটিত সাম্প্রতিক ঘটনাগুলো দেশি-বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আর বিএনপি নেত্রীর পরিচালনায় এসব ঘটনা ঘটানো হচ্ছে।
 
হাছান মাহমুদ বলেন, দেশে বিভিন্ন ঘটনা ঘটার পরে বেগম জিয়া মন্তব্য করেন যে দেশে সংকট চলছে এবং তিনি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান। এরপরেই টিআইবি জাতীয় সংসদকে নিয়ে কটাক্ষ করে এবং তারাও মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা তোলে, এরপর অ্যামনেস্টি মুক্তিযোদ্ধাদের বিচার করা প্রয়োজন আছে বলে বিবৃতি দেয়। এ থেকেই বোঝা যায় সমস্ত ঘটনা প্রবাহ একই সূত্রে গাথা।
 
আওয়ামী লীগের এ প্রচার সম্পাদক বলেন, কিছু বিদেশি শক্তি আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে অভ্যন্তরীণ সংঘাত ঘটিয়ে নিজেদের স্বার্থ কায়েম করে ঐ দেশগুলোতে নিজেদের মদদপুষ্ট সরকারকে ক্ষমতায় আনতে চায়। আর সেসব বিদেশি শক্তির ক্রীড়ানক হিসেবে কাজ করে ঐ দেশের কিছু চক্রান্তকারী গোষ্ঠী। আমদের দেশেও এসব বিদেশি শক্তির ক্রীড়ানক হিসেবে কাজ করছে বিএনপি-জামাত জোট। মূলত বিএনপি-জামাত এসব ঘটনা ঘটিয়ে বিদেশিদের নাক গলানোর সু্যোগ করে দিতে চাইছে।
 
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যে অদম্যগতিতে এগিয়ে যাচ্ছে তা একটি বিশেষ গোষ্ঠীর গাত্রদাহের কারণ। এ কারণেই এ গোষ্ঠী দেশকে সবসময় অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত।
 
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।