‘জলবায়ু পরিবর্তনের কারণে সহিংসতার মাত্রা বেড়ে গেছে’

 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দেশে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে সিরিয়া ও নাইজেরিয়ার ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য।’ খবর আলজাজিরার।
 
স্থানীয় সময় মঙ্গলবার ভার্জিনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে কেরি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ তথা চরম খরা সিরিয়া ও নাইজেরিয়ায় সংঘাতের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’ 
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়টিকে অবজ্ঞা করার অর্থই গোটা বিশ্বকে এর ঝুঁকির মধ্যে ফেলে দেয়া।
 
সিরিয়া প্রসঙ্গে কেরি বলেন, ‘গৃহযুদ্ধ শুরুর আগে থেকেই সেখানে চরম খরা ছিল। এ কারণে প্রায় ১৫ লাখ লোক প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে চলে আসে। দেশটিতে ক্রমাগত বৃদ্ধি পায় রাজনৈতিক অস্থিরতা যার বর্তমান চিত্র আমাদের কারো অজানা নয়। শরণার্থীদের স্রোত ঠেকাতে বিভিন্ন দেশ এখন হিমশিম খাচ্ছে।’
 
নাইজেরিয়ার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জলবায়ুর পরিবর্তন এখানে সন্ত্রাসী গ্রুপ বোকো হারামের জন্ম না দিলেও চরম খরায় দেশটির রাজনৈতিক অস্থিরতা এখন তুঙ্গে। ক্ষুধা, দারিদ্র্য তাদের নিত্য দিনের সঙ্গী। আর এর ফলে সেখানে বাড়ছে সহিংসতা। সরকারও পরিস্থিতি দমনে ব্যর্থ হচ্ছে। এ সব অবস্থায় জঙ্গি গোষ্ঠী সেখানে দানা বেঁধে উঠেছে। সাধারণ মানুষকে তারা হত্যা করছে। শত শত স্কুল ছাত্রীকে অপহরণ করা হচ্ছে।’