জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-ফাইলিং কর্মশালা অনুষ্ঠিত

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অফিস প্রধান ও ডেপুটি পর্যায়ের কর্মকর্তাদের ই-ফাইলিং বিষয়ে দিনভর এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ জানান, একটি আধুনিক গতিশীল সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন পদ্ধতিকে ঢেলে সাজানো হচ্ছে। তারই অংশ হিসেবে ৬টি আঞ্চলিক কেন্দ্রে প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ, ৫০ বছর অগ্রগতি মাস্টারপ্লান প্রণয়ন, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার চালু, অনলাইনে সকল ভর্তি কার্যক্রম সম্পাদন, পরীক্ষা ব্যবস্থাপনায় টিআইএমএস সফটওয়্যার তৈরি, অনলাইনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদান, অনলাইনে কলেজ বদলির আবেদন, সোনালী সেবার মাধ্যমে শিক্ষকদের একাউন্টে সম্মানীর বিল পরিশোধ, ই-টেন্ডারিং ইত্যাদি ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম ই-ফাইলিং চালু হতে যাচ্ছে। এতে দীর্ঘ সূত্রিতার অবসান ঘটবে।
 
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ই-ফাইলিং ব্যবহার পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন প্রো-উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর। উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া (প্রশাসন), ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ।