যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি সাদা দেয়াল হয়ে গেছে রঙিন। দেয়ালটিকে রঙিন করতে অবশ্য কোনো রঙ ব্যবহার করতে হয়নি। মূলত গত ২৪ বছর ধরে সাধারণ মানুষ নিজের মনের মাধুরী মিশিয়ে দেয়ালটিতে চুইংগাম লাগিয়েছে। দামি চুইংগাম, কম দামি চুইংগাম, লাল-নীল-সবুজ হরেক রকমের চুইংগামে ঠাসা দেয়ালটি। ১৯৯১ সাল থেকে এই দেয়ালে চুইংগাম লাগিয়েছেন দেশ-বিদেশের লোকজন। এই দীর্ঘ সময়ে দেয়ালটিতে দশ লাখেরও বেশি চুইংগাম লাগানো হয়েছে। বিপুল পরিমাণ চুইংগামের কারণে দেয়ালটি পরিচিতি পেয়েছে ‘চুইংগাম ওয়াল’ নামে। সিয়াটলের ‘পোস্ট এলেই’ শহরটিকেও পরিচিতি এনে দিয়েছে চুইংগাম ওয়াল।
চুইংগাম লাগানো এই দেয়ালটি মানুষের কাছে এতোটাই জনপ্রিয়তা পেয়েছিলো যে বিভিন্ন দেশের পর্যটকরা এর সামনে এসে ছবি তুলে সেই স্মৃতিকে ধরে রাখতো। চুইংগামের এই রঙিন দেয়ালটির পাশের মেঝেতে লোকজন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ও হাতে লেখা নোট ফেলে রাখতো। তবে চুইংগামে ঠাসা এই দেয়ালটিকে বড় বেশি নোংরা মনে হচ্ছিলো সিয়াটল কর্তৃপক্ষের কাছে। সমপ্রতি দেয়ালটিকে পরিষ্কার করার কাজও শুরু করে দিয়েছেন তারা। এতো বছর ধরে রঙিন করা চুইংগাম দেয়ালটির পরিষ্কার কাজ শুরু হওয়ায় নিশ্চিতভাবেই মন খারাপ হয়ে গেছে ভক্তদের।-মিরর