মায়ানমিয়ারের প্রেসিডেন্ট বিপুল বিজয়ের জন্যে অং সান সু চির দলকে অভিনন্দন জানিয়েছেন এবং একইসঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।
বুধবার ফেসবুকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট থেইন শেইন বলেন, জনগণের রায়ে সু চির এ বিশাল বিজয়কে আমি অভিনন্দিত করছি। সরকারের পক্ষ থেকে আমরা জনগণের এ রায়কে শ্রদ্ধা জানাবো এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবো।
এর আগে দেশটির সেনাপ্রধানও সু চির দলের অভূতপূর্ব বিজয়কে অভিনন্দন জানান।
রবিবারের নির্বাচনে সু চির এনএলডি পার্টি ৮৫ শতাংশেরও বেশি আসন পেয়ে ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে।
এদিকে সু চি বুধবার জাতীয় ঐক্যের ডাক দিয়ে সেনা প্রধান মিন অং হেইং এবং থেইন শেইনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
গত অর্ধ শতাব্দী ধরে মায়ানমারের নিয়ন্ত্রণভার পুরোপুরি জান্তা সরকারের হাতে ছিল। কিন্তু ২০১১ সাল থেকে আধা জান্তা সরকার দেশটি শাসন করে আসছে।
উল্লেখ্য, ১৯৯০ সালেও সু চির দল এনএলডি যুগান্তকারী বিজয় অর্জন করেছিল। কিন্তু দেশটির জান্তা সরকার সে সময় এনএলডিকে সরকার গঠন করতে দেয়নি।
-বাসস