যুক্তরাজ্যে তিন দিনের সফরে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাজ্যে তিনদিনের সফরে বৃহস্পতিবার লন্ডনে পৌছেছেন। গত নয় বছরে যুক্তরাজ্যে ভারতের কোন প্রধানমন্ত্রীর এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে ২০০৬ সালে মনমোহন সিং দেশটি সফর করেন।
 
লন্ডনে তিন দিনের সফরকালে মোদী ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানী ও বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি ব্রিটিশ পার্লামেন্ট এবং লন্ডনের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র গিল্ডহিলে ভাষণ দেবেন। মোদী মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন এবং লন্ডনে পড়াশুনা করার সময়ে যে জায়গায় ড. বি আর আম্বেদকর ছিলেন সেখানে যাবেন। শনিবার মোদী জি-২০ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে তুরস্কে যাবেন। বাসস।