সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হবে :তারানা হালিম

তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি শক্তিশালী করতে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) কেনার প্রক্রিয়া চলছে।

এছাড়া সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড, বিভ্রান্তিমূলক তথ্য দেয়া, গুজব ছড়ানোসহ হয়রানি বন্ধে নিয়মমাফিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

এজন্য বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমকে আরো দক্ষ ও সমর্থ্য করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল বৃহস্পতিবার সংসদে এসব কথা বলেন।

 
জাতীয় পার্টির (জাপা) কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, আমরা সত্যি হতাশ। এত বছরেও কেন টেলিটক নিজের পায়ে দাঁড়াতে পারেনি! আমরা প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে কাজ করে যাচ্ছি। সারাদেশের প্রতিটি ডাকঘরে একটি করে কক্ষ টেলিটককে দেয়া হবে।
 
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব উপজেলা সদরকে টেলিটকের থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হবে। আগামী বছরের মধ্যে টেলিটকের নেটওয়ার্ক ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ করা সম্ভব হবে।
 

গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, বর্তমানে দুটি মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল) ও টেলিটকের কাছে সরকারের পাওনা টাকার পরিমাণ এক হাজার ৮৬৫ দশমিক ৫৩ কোটি টাকা। এর মধ্যে টেলিটকের কাছে পাওনার পরিমাণ এক হাজার ৫৮৫ কোটি টাকা।