'দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলে গৃহযুদ্ধ শুরু হবে'

দেশকে তছনছ করতে সরকার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলে দেশে ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে। এই নির্বাচন দলীয় ভাবে হতে পারে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও গণ গ্রেফতার বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিরোধী নেতাদের গণগ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার না করে আপনি ঘোষণা দিয়ে দেন এই দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না।

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর  হোসেন সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, আলোচিত ৭ খুনের সঙ্গে র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি জড়িত। তাই এই খুনের প্রধান আসামি নূর হোসেনকে র‌্যাবের হাতে নয়, পুলিশের কাছে হস্তান্তর করা উচিৎ ছিল।

তিনি আরো বলেন, আমি জানি না কোন উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে। তবে নিশ্চয়ই এর পেছনে কোনো ঘটনা রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, বিএনপির  চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল­াহ, জিয়া নাগরিক ফোরামের আহ্বায়ক মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।


-ফোকাস বংলা