‘খালেদা জিয়া দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে’

‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তিনি বিদেশে বসে দেশে বিদেশি হত্যা করে সরকারকে উৎথাত করতে চায়। মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবে না।’
 
শুক্রবার বিকেলে যশোরের শর্শা উপজেলায় বেনাপোল বন্দর পরিদর্শন শেষে বন্দর অডিটরিয়ামে বন্দর উন্নয়ন উপদেষ্টা কমিটির সভায় সভাপতির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘ধর্মের নামে যারা মানুষ হত্যা করে, এ দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। আজ সময় এসেছে, জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
 
এতে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লাহ খান, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, ২৬ বিজিবির উপ-অধিনায়ক লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, বন্দরের পরিচালক নিতাই সেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান ও প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন বক্তব্য রাখেন।