বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শিষ্টাচার শেখানোর জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য করার সময় শালীনতা ও ভব্যতার যথেষ্ট জ্ঞানের অভাব দেখা যায়। তাই কিভাবে দেশের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে হয় তার জন্য দয়া করে আপনাদের নেত্রীকে শিষ্টাচারের শিক্ষা দিন। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের বক্তব্যের জবাবে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে কিনি এ কথা বলেন।
প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, এ হামলা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে হামলা ও আমাদের দেশে সন্ত্রাসী হামলা একই সূত্রে গাথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাইরের হামলাগুলোতে ঐ দেশের কোন রাজনৈতিক দল যুক্ত না থাকলেও আমাদের দেশের হামলাগুলো হচ্ছে বিএনপির ছত্রছায়ায়।
বিএনপি জঙ্গিদের আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটে অনেক দল আছে যাদের রাজনৈতিক দর্শন হচ্ছে দেশকে তালেবান স্টাইলে পরিচালনা করা। এসব দল মুক্তমনায় বিশ্বাসী নয়। আর বেগম জিয়া যখন এদেরকেই পাশে বসিয়ে বক্তব্যে বলেন- 'আমাদের দলে কোন জঙ্গি নেই'। তখন তা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
বিএনপির নেতৃবৃন্দকে জ্যোতিষীদের মতো কথা না বলার জন্য অনুরোধ জানিয়ে সাবেক এ মন্ত্রী আরো বলেন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করবার জন্য পরবর্তী নির্বাচনের জন্য দল গোছান। 'আওয়ামী লীগের কোন জনপ্রিয়তা নেই, এখন নির্বাচন হলে আওয়ামী লীগ বিরোধী দলেও স্থান পাবে না' জ্যোতিষীদের মতো এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারসহ সংগঠনের নেতৃবৃন্দ।