অবমাননা মামলায় কম্বোডিয়ার বিরোধী নেতা স্যাম রেইনসির বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে আদালত। দেশটির প্রধানমন্ত্রী হুন সেন ও রেইনসির মধ্যকার বিরোধ যখন তুঙ্গে, এমন সময়ে আদালত সাত বছরের পুরনো এ মামলার রায় শোনাল। শুক্রবার এ মামলার রায় দেয় আদালত।
রেইনসিকে শান্তিপূর্ণভাবে তার দফতর ত্যাগ করতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় প্রধানমন্ত্রী হুন। তিনি বিরোধী নেতাকে মামলা দেয়ার হুমকি দেন। এ ঘটনার একদিন পর বিরোধী নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে টোকিওতে এক বক্তৃতায় রেইনসি বলেন, মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচন হুন সেনের পতনের পূর্বাভাস। তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হুনকে ‘বিশ্বাসঘাতকের সন্তান’ বলে অভিহিত করেন রেইনসি। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে লেখেন, এ ধরণের অপমানে তিনি শান্ত থাকতে পারেন না।
এ দিকে, বিরোধীদলীয় আইনজীবী ইং চে ইয়াং বলেন, এই পরোয়ানা জারির মাধ্যমে তাকে নতুন করে হুমকি দেওয়া হল। তিনি আরো বলেন, ২০১৭ সালে গ্রামীণ এবং পরের বছর জাতীয় নির্বাচনের আগে দলকে নেতাহীন করতে জোরপূর্বক দেশের বাইরে বের করে দেয়ার পায়তারা করছে সরকার।
ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, বোঝাই যাচ্ছে—বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব রয়েছে এবং এ মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।