লন্ডনে গিয়ে অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলেও নিস্তার পেলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় কংগ্রেসের উপদলনেতা আনন্দ শর্মা শনিবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বলেন, ‘দেশের বাইরে গিয়ে মোদির বুদ্ধ-গান্ধীর কথা মনে পড়েছে। আর অন্য সময় এর খবর নেই।’ খবর আনন্দবাজার পত্রিকার।
ওয়েম্বলি স্টেডিয়ামে যখন তাকে ঘিরে অনাবাসী ভারতীয়রা উচ্ছ্বাসে আপ্লুত, তখন কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ শর্মা বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন—অসহিষ্ণুতা বরদাস্ত করা হবে না, এর থেকে বড় ভণ্ডামি আর কী হতে পারে!’
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি প্রকৃত অর্থেই কথাগুলো বলে থাকেন, তবে তার প্রমাণ দেয়া হোক। অসহিষ্ণু ও বিভাজনকারী মন্তব্যের জন্য মন্ত্রিসভা থেকে ভি কে সিংহ, মহেশ শর্মা ও সঞ্জীব বালিয়ানকে বরখাস্ত করুন। ব্যবস্থা নিন আরএসএস এবং বিজেপি নেতাদের বিরুদ্ধেও। দেশজুড়ে একের পর এক অসহিষ্ণুতার ঘটনা যখন সামনে এসেছে, বহু প্রতিবাদেও মুখ খোলেননি মোদি। কিন্তু অসহিষ্ণুতা নিয়ে ব্রিটিশ মিডিয়ায় ঝাঁজালো প্রশ্নের মুখে তিনি বলে উঠলেন এমন ঘটনা তিনি বরদাস্ত করবেন না। আর এর পরই কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়।