সিনজার পুনর্দখলের দাবি কুর্দি বাহিনীর

 
ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজার শহরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত কয়েকটি স্থাপনা দখলে নেয়ার দাবি করেছে কুর্দি বাহিনী। কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা পরিষদ এক ট্যুইটে বলেছে, ‘আইএস পরাজিত হয়েছে এবং পালিয়েছে। পেশমেরগা বাহিনী সিনজারের সিমেন্ট কারখানা, হাসপাতাল এবং অন্যান্য সরকারি ভবনসহ বেশ কিছু স্থাপনা দখল করেছে।’ খবর রয়টার্সের।
 
যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইয়াজিদি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের সহায়তায় শুক্রবার কুর্দি বাহিনী সিনজারে প্রবেশ করে এবং শহরটিকে পূর্ব ও পশ্চিম দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। কুর্দিস্তান কাউন্সিল জানিয়েছে, পেশমেরগা বাহিনী সব দিক থেকেই সিনজারে প্রবেশ করেছে। শত শত পেশমেরগা যোদ্ধাকে কোনো প্রতিরোধ ছাড়াই শহরটিতে ঢুকতে দেখার কথা জানিয়েছেন সংবাদদাতারা।
 
আইএস জঙ্গিরা এ অভিযানের আগেই শহর ছেড়ে চলে গেছে কি না, তা স্পষ্ট নয়। তবে কুর্দি কমান্ডাররা বলছেন, কিছু জঙ্গি শহরটিতে ঘাপটি মেরে আছে এবং পেশমেরগা বাহিনী সামনে অগ্রসর হতে থাকলে তারা হামলা করবে।