মিয়ানমারকে অভিনন্দন জাতিসংঘ মহাসচিবের

 
'৮ নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে শান্তিপূর্ণ, গৌরবজনক এবং উত্সাহব্যঞ্জক অংশগ্রহণের জন্য মিয়ানমারের জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন’ জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। তিনি এই নির্বাচনকে গণতন্ত্রের উত্তরণে মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে স্বাগত জানান বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন বানের এক মুখপাত্র। খবর সিনহুয়ার।
 
 
বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি স্বীকার করেন, বিশেষভাবে প্রেসিডেন্ট থেইন সেইনের সাহস এবং দূরদৃষ্টি, যার নেতৃত্ব সংস্কার প্রক্রিয়ার এই নির্ধারণী পর্যায়ে অগ্রগতি অর্জনে সহায়তা করেছে।’ মিয়ানমারের নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং অন্য যারা এই নির্বাচনকে এ রকম একটি তাত্পর্যপূর্ণ সাফল্যে পরিণত করতে নিরলসভাবে অবদান রেখেছেন,  তাদের সবাইকে জাতিসংঘ মহাসচিব ইতোমধ্যে গত বৃহস্পতিবার ধন্যবাদ জানান বলে এতে উল্লেখ করা হয়।
 
বিবৃতিতে আরো জানানো হয়, ‘এ কথা বলার সময় তিনি দুঃখজনকভাবে সতর্ক করে দেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশের ভোটাররা বিশেষভাবে রোহিঙ্গারা ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত এবং বেশ কিছু লোক প্রার্থী হিসেবে অযোগ্য হয়েছেন।’
 
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।