হুমায়ূন আহমেদ এর উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। গত ১৩ নভেম্বর সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এর প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদ এর প্রয়াণের পর এই প্রথম তার মুক্তিযুদ্ধ-ভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে।
ছবিটির প্রিমিয়ার প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেঙ্গল ক্রিয়েশন্স এর ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী। এর পর তিনি বেঙ্গলের কর্ণধার এবং ছবিটির প্রযোজক আবুল খায়ের দেশব্যাপী লোকপ্রিয় এ লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে চলচ্চিত্রটির সাফল্য কামনা করেন। তিনি রবিকে ধন্যবাদ জানান এ ধরণের শিল্পমান সম্পন্ন চলচ্চিত্রে অগ্রসর ভূমিকা পালন করার জন্য। এছাড়া ভবিষ্যতেও বেঙ্গল ক্রিয়েশন্স আরো নতুন চলচ্চিত্র নির্মাণ করবে বলেও তিনি অনুষ্ঠানে আশা প্রকাশ করেন।
পরিচালক মোরশেদুল ইসলাম তার চলচ্চিত্রটি নির্মাণের প্রেক্ষাপট, ছবিটির মূল চরিত্র অনিল বাগচীর মনের ভয়কে জয় করে মিথ্যার বিপরীতে সত্যের পক্ষে অবস্থান ও সমসাময়িক অসহিষ্ণু পরিবেশে ছবিটি নির্মাণের সময়োপযোগিতার বিষয়টি উল্লেখ করেন। খ্যাতনামা লেখক হুমায়ুন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্বা জ্ঞাপন করে তিনি বেঙ্গল ক্রিয়েশন্সকে ধন্যবাদ জানান ছবিটি প্রযোজনা করার জন্য। মোরশেদুল ইসলাম জানান, ছবিটি হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। শেষে ছবিটির মূল কলাকুশলী ও শিল্পীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন পরিচালক।
বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ দর্শক সারিতে উপস্থিত থেকে চলচ্চিত্রটি উপভোগ করেন। বেঙ্গল ক্রিয়েশন্স এর পক্ষ থেকে জানানো হয়েছে অাগামী ১১ ডিসেম্বর মহান বিজয়ের মাসে ঢাকাসহ সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।প্রিয়.কম।