প্যারিসে আত্মঘাতী হামলাকারীর লাশের পাশে সিরিয়ান পাসপোর্ট

ফ্রান্সের প্যারিস ফুটবল স্টেডিয়ামের কাছে আত্মঘাতী বোমা হামলাকারীর মরদেহের কাছে একটি সিরিয়ান পাসপোর্ট পাওয়া গেছে। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় প্যারিসে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১২৭ জন নিহত হয়েছে। এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটস বিবৃতি দিয়েছে।
 
বিবৃতিতে বলা হয়, ফ্রান্স দীর্ঘদিন ধরেই হামলার প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল। সংগঠনটি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আক্রমণের জায়গা ঠিক করেছে। এবং সেসব জায়গায় আত্মঘাতী বোমা বেল্ট পরিধান করে ও মেশিন গান বহন করে ইসলামিক স্টেটসের যোদ্ধারা আক্রমণ করেছে।
 
বিবৃতিতে আরো বলা হয়, দেশটি যতদিন বর্তমান নীতিতে অটল থাকছে তারা বিপদে রয়েছে। কেননা আক্রমণের ছক এমনভাবেই আঁকা হয়েছে। দেশটিতে যারা একই পথ অনুসরণ করছে আইএস তাদের শিক্ষা দিতে হামলার তালিকার প্রধান লক্ষ্যবস্তুতে রাখবে।
 
বিবৃতিতে বলা হয়, মৃত্যুর গন্ধ তাদের ছেড়ে যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ধর্মযুদ্ধে অংশ না নেয়।
 
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সন্ত্রাসী হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।