ক্যারিয়ার ফেস্টে প্রফেশনাল ফ্রিল্যান্সার তৈরির গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা

রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে শনিবার থেকে শুরু হয়েছে ‘রাওয়া-জবসবিডি ক্যারিয়ার ফেস্ট-২০১৫’। কর্মজীবনে প্রবেশ করতে যাওয়া তরুণদের সঠিক ক্যারিয়ার বাছাই ও তার বিকাশের পথ খুঁজে বের করায় সহযোগিতার উদ্দেশ্য নিয়ে আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী এ উৎসব। অনুষ্ঠানের প্রথম দিনে বিল্যান্সারের সহযোগিতায় ‘দি রোডম্যাপ টু বিকাম প্রফেশনাল ফ্রিল্যান্সার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নবীর উদ্দিন, বিল্যান্সারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেন, পেওনিয়ার বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর রিফাত আহমেদ, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড প্রাপ্তি নারী ফ্রিল্যান্সার অজন্তা রিজওয়ানা মির্জাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নবীর উদ্দিন বলেন, সরকার সারা দেশে ফ্রিল্যান্সার তৈরির জন্য ৭ থেকে ১৫ দিনের যে প্রশিক্ষণ দিচ্ছে তা মূলত বেসিক কোর্স। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ধাপে যাওয়ার জন্য অনেক পথ পাড়ি দিতে হবে। শুধু এই কোর্সের প্রতি নির্ভর হলে চলবে না। বিল্যান্সারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, ফ্রিল্যান্সিংয়ে সফলতা পেতে হলে পরিশ্রম করতেই হবে। এ জন্য প্রথমে ধৈর্যর সাথে কর্ম দক্ষতা বৃদ্ধি করতে হবে। অন্যান্য ক্যারিয়ারের মতো স্কিল ডেভেলপ করে তারপর এ খাতে সফল হওয়া সম্ভব। তিনি বলেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসলে অনেক বেশি দায়িত্বশীল হতে হয়। অন্যথায় ভুল প্রক্রিয়ায় কাজ করলে ব্যর্থ হওয়া ছাড়া বিকল্প কিছু থাকে না।

ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, আমাদের দেশে কিছু ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা প্রশিক্ষণ কেন্দ্র ভুলভাল প্রশিক্ষণ দিয়ে কথিত ফ্রিল্যান্সার তৈরি করে ইন্ডাস্ট্রির বদনাম করছে। সরকারের এসব ব্যাপারে নজরদারি বাড়াতে হবে। স্কিল ট্রেনিং ছাড়া কার্যত সফল ফ্রিল্যান্সার হওয়া সম্ভব নয়। পেওনিয়ার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিফাত আহমেদ বলেন, ফ্রিল্যান্সিংয়ে স্কিল অনার এবং স্কিল সেলার দুটিই আছে। আমাদের এখন স্কিল সেলারও দরকার। বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড প্রাপ্তি নারী ফ্রিল্যান্সার অজন্তা রিজওয়ানা মির্জা বলেন, নারীরা এখন সংসারের কাজ করার পাশাপাশি ঘরে বসেই আয় করতে পারেন। এ জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এর আগে ক্যারিয়ার ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপেক্স গার্মেন্টস ও সিনহা টেক্সটাইলের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) সভাপতি মোশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন রাওয়া’র চেয়ারম্যান মেজর এম তানিম হাসান। বক্তব্য রাখেন জবস্ বিডি ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপন ও রাওয়া’র সমাজকল্যাণ সম্পাদক লেঃ কর্নেল এস এম ফিরোজ আহমেদ, পিএসসি, জি। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এনজিও, করপোরেট হাউজ, ব্যাংক, আইটি প্রতিষ্ঠান, বহুজাতিক, টেলিকম ও গার্মেন্ট, লেদারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।