মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুলের আদেশ ২২ নভেম্বর

রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী জামিন প্রসঙ্গে রুলের বিষয়ে আদেশের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন পুনঃনির্ধারণ করেন।

এর আগে গত ২ নভেম্বর এক আদেশে তিন মামলায় ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আপিল বিভাগ। একই সঙ্গে ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। ৩ নভেম্বর ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।