মিশরে ১৫ অভিবাসীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

মিশরের সিনাই প্রদেশ থেকে ১৫ জন গুলিবিদ্ধ আফ্রিকান অভিবাসীর লাশ উদ্ধার করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিবাসীদের মৃতদেহর পাশাপাশি আরো আটজন আহত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে ।
 
ফিলিস্তিনের গাজা সীমান্তে অবস্থিত রাফাহ শহরের এই ঘটনার পেছনে কে রয়েছে সেটা এখনো জানা যায়নি। সহিংসতা প্রবণ এই অঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস কার্যক্রম পরিচালনা করে। নিহতরা কোন দেশের এখনো তা জানা যায়নি।
 
২০১৩ সালে মিশরে মোহাম্মদ মুরসির সরকারের পতনের পরে উত্তর সিনাইয়ে জঙ্গি সংগঠনগুলো আস্তানা গড়ে তুলে। ২০১৪ সালের অক্টোবরে আইএস সংশ্লিষ্ট একটি হামলার পর থেকে এখানে জরুরি অবস্থা জারি করা আছে। তবে এখনো জানা যায়নি ঘটনাটির সঙ্গে কোনো আইএস সংশ্লিষ্টতা রয়েছে কী না। বিবিসি।