বাংলাদেশ ও ভারত ব্যবসা -বাণিজ্য বাড়াতে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি কার্যকর করতে গতকাল শনিবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর করেছে। এর ফলে কম খরচে পণ্য পরিবহন সম্ভব হবে। ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের যুগ্ম মহাপরিচালক অমিতাভ কুমার ও বাংলাদেশের নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও জাহাজ নিরীক্ষক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ভারতের জাহাজ, পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশের নৌ সচিব সফিক আলম মেহেদি ও ভারতের জাহাজ চলাচল সচিব রাজীব কুমারও উপস্থিত ছিলেন।
এসওপি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নৌপথে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে বলে দুটি রাষ্ট্রের কর্মকর্তারা আশা প্রকাশ করেন। পণ্য পরিবহনের ক্ষেত্রে যেমন খরচ কমে যাবে তেমনি সময়ও উল্লেখ্যযোগ্যভাবে কমে যাবে। জাহাজ মন্ত্রী নীতিন গড়কড়ি বলেন, এর মধ্যে দিয়ে বাংলাদেশ এবং ভারতের ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত ভারতের সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সকল প্রকার সহযোগিতা দিয়ে যাবে।