চীনে বন্যা-ভূমিধ্বসে ২৫ জনের মৃত্যু

চীনে ভূমিধ্বসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে।  শনিবারের  এই বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু  হয়েছে। ভারী বৃষ্টির কারণে দেশটির বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
 
এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১২ জন। 
 
টুইটারের চীনা সংস্করণ সাইনা ওয়েইবোতে পোস্ট করা একটি ছবিতে ঝেজিয়াং প্রদেশে কাদা ও পাথরের ভেতর থেকে মানুষকে টেনে তুলতে দেখা গেছে।  এরা মাটি চাপা পড়া ২৭টি বাড়ির বাসিন্দা।  রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিধ্বসের পর ৩ শতাধিক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আরো ২১টি বাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। 
 
IMG0
 
এদিকে হুনান প্রদেশের মধ্যাঞ্চলে ৫০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিন-হুয়া জানায়, বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া প্রায় ৮ হাজার ২০০ লোককে পুনর্বাসিত করা হয়েছে।  প্রাদেশিক আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ১৯৬১ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা।এখন পর্যন্ত এই ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।  সিনহুয়া জানায়, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও বন্যা অব্যাহত থাকতে পারে। বাসস।