মিয়ানমারে গত সপ্তাহের নির্বাচনের পর অং সান সু চির নেতৃত্বাধীন বিরোধীদলের কাছে নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। ইয়াঙ্গুনে রাজনৈতিক নেতাদের এক বৈঠকে তিনি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
সদ্য হয়ে যাওয়া ঐতিহাসিক নির্বাচনের যে ফল এখন পর্যন্ত ঘোষিত হয়েছে তাতে সু চির দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) প্রায় ৮০ শতাংশ ভোট পেয়েছে। ক্ষমতা হস্তান্তর হয়ে গেলে এর মধ্য দিয়ে মিয়ানমারে ৫০ বছরেরও বেশি সময়ের সেনা-সমর্থিত সরকারের অবসান ঘটবে।
মিয়ানমারের সব রাজনৈতিক দলগুলোর সমাবেশে প্রেসিডেন্ট থেইন সেইন বলেন, পরবর্তী সরকারকে সব দায়িত্বই সময়মত এবং সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। কোনোরকম উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়াই যাতে স্থিতিশীল ভাবে এবং নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের এ প্রক্রিয়া সম্পন্ন হয় তা আমরা নিশ্চিত করব।
প্রেসিডেন্ট থেইন সেইন এর আগে অনলাইনে এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এখন তিনি জনসম্মুখে একই প্রতিশ্রুতি দিলেন। বিবিসি।