পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, সারাদেশে চলমান বিশেষ অভিযানে নিরাপরাধ কোনো ব্যক্তিকে নয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। সোমবার দুপুরে পুলিশের সদর দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্প্রতি হামলা ও দুর্ঘটনায় মারা যাওয়া ১৪ পুলিশ সদস্যের পরিবারের হাতে ৬১ লাখ টাকা অনুদান তুলে দেয়া হয়। এসময় সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি।
এ কে এম শহীদুল হক বলেন, যে সকল ব্যক্তি জামিনে বের হয়ে আবারো বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত হচ্ছে তাদের ধরার জন্যই আমাদের বর্তমান অভিযানটি পরিচালিত হচ্ছে। নিরীহ কোন ব্যক্তিকে আটকের বিষয়ে কোন অভিযোগ আসলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব।
অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামানকে যে নম্বর থেকে হুমকি দেয়া হয়েছিল, তার মালিককে আটক করেছিল পুলিশ। পরে তদন্তে দেখা যায়, ঐ ব্যক্তি নির্দোষ। তার নম্বর ক্লোন করে আরেকজন হুমকি দিয়েছে। হুমকিদাতাকে আমরা শনাক্ত করে ফেলেছি। তবে এখনো গ্রেফতার করতে পারিনি।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই পুলিশের ওপর হামলা চালনা হচ্ছে বলে জানান তিনি।