রিভিউ শুনানির আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনসহ চারটি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ এই আদেশ দেয়।
ফারহাত কাদের চৌধুরীর পক্ষে এ বিষয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম ও সহকারী অ্যাটর্নি জেনারেল হাসানুজ্জামান।
আদেশের পর আমাতুল করীম সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনাল গঠন করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল রিটে। এ বিষয়ে হাইকোর্টের একটি রায় আছে ২০১০ সালের। সিদ্ধান্ত হয়ে যাওয়া একটি বিষয়ে আবারো আলোচনা করলে সময় নষ্ট হবে যুক্তি দেখিয়ে আদালত তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।’ তবে আবেদনকারী চাইলে অন্য বেঞ্চে আবারও বিষয়টি তুলতে পারবে বলে জানান তিনি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতের দেয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনও শুনবে আপিল বিভাগ।